Friday, June 27, 2025

গুগল-পে সুবিধা পাবেন যে ব্যাংকের কার্ডধারীরা...

 

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট, যা অধিকাংশ মানুষের কাছে গুগল-পে নামে পরিচিত। সিটি ব্যাংক, গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এই সেবা চালু করেছে। এখন থেকে সিটি ব্যাংকের মাস্টারকার্ড বা ভিসা কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করে এনএফসি সক্ষম পস টার্মিনালে স্মার্টফোন স্পর্শ করে লেনদেন করতে পারবেন। এতে লেনদেন হবে দ্রুত, নিরাপদ ও স্পর্শবিহীন

ঢাকার ওয়েস্টিন হোটেলে ২৪ জুন এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি ট্র্যাসি এন জ্যাকবসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।


এই বিষয়ে গভর্নর বলেন, নগদবিহীন সমাজ গড়তে গুগল পে’র মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ। সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, এখন থেকে মানিব্যাগ নয়, স্মার্টফোনই হবে লেনদেনের মাধ্যম। এটি বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়।

এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা বিমান টিকিট, শপিং, সিনেমা, রেস্টুরেন্ট ও দৈনন্দিন লেনদেন সহজেই সারতে পারবেন ফোনের মাধ্যমে। এটি দেশের আর্থিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল অর্থনীতির প্রসারে বড় ভূমিকা রাখবে।


বাংলাদেশ থেকে গুগল পে ব্যবহার করবেন যেভাবে-

যেসব সিটি ব্যাংক গ্রাহক তাদের কার্ড গুগল পে-তে যুক্ত করতে চান, তারা নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:

অ্যান্ড্রয়েড ফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন।

অ্যাপ খুলে ‘Add a Card’ অপশনে যান।

সিটি ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য যুক্ত করুন।

ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনার ফোন পেমেন্টের জন্য প্রস্তুত।

সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, গুগল পে ব্যবহার সংক্রান্ত যেকোনো সমস্যায় তারা ২৪/৭ গ্রাহক সহায়তা সেবা দেবে।

No comments:

Post a Comment